চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আগামীর নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘ইসলামী ছাত্রশিবির আদর্শিক, নৈতিক ও যোগ্য নেতৃত্ব গঠনে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে ছাত্রশিবির সবসময় সাহসী ভূমিকা পালন করেছে। আগামী দিনে একটি ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ছাত্রশিবিরের কর্মীরাই অগ্রণী ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘ছাত্রসমাজকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে ইসলামী ছাত্রশিবির নিরলসভাবে কাজ করছে। আগামীর বাংলাদেশ গঠনে এই আদর্শিক ছাত্রসংগঠনের বিকল্প নেই।’
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন স্লোগান ও ব্যানার বহন করেন।
অনুষ্ঠানে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার নেতারাসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।