বগুড়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। নেতা-কর্মীদের ওপর মিথ্যা মামলা ও দমন-পীড়নসহ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই এমন অভিযোগ তুলে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।
বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে শিবগঞ্জবাসীর উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে তিনি এই ঘোষণা দেন।
ওই চিঠিতে তিনি অভিযোগ করেন, তার নির্বাচনি এলাকায় সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই। তার নামে ১২টি মামলা দেওয়া হয়েছে। এছাড়া তার সমর্থক এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক নেতা-কর্মীকে এলাকাছাড়া করা হয়েছে। সাধারণ ভোটারদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে শিবগঞ্জে চরম আতঙ্ক বিরাজ করছে।
চিঠিতে শরিফুল ইসলাম জিন্নাহ উল্লেখ করেন, রাজনীতি হওয়া উচিত উন্নয়নের প্রতিযোগিতার, প্রতিহিংসার নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন মানে জনগণের অধিকার নিশ্চিত করা নয়। বরং ভয় ও জবরদস্তির বৈধতা দেওয়া। শিবগঞ্জবাসীর সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পেরেই আমি নির্বাচন বর্জনের এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। নির্বাচন বর্জন মানে পিছু হটা নয়। এটি ন্যায়ের পক্ষে দাঁড়ানোর একটি প্রতিবাদ।
খোলা চিঠিতে সাবেক এই সাংসদ আরও উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি শিবগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন। ভবিষ্যতেও থাকবেন। কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে ন্যায় ও ন্যায্যতার পক্ষে এই বর্জন তার একটি রাজনৈতিক প্রতিবাদ।