রাবি: যমুনায় শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চের নেতা জাবের, জুমা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস আম্মারসহ সকলের ওপর পুলিশের হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জোহা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা হাদি হত্যার দ্রুত বিচার চাওয়ার পাশাপাশি ইনকিলাব মঞ্চের নেতা-কর্মী ও রাকসু জিএস সালাউদ্দীন আম্মারের ওপর পুলিশের হামলার তীব্র প্রতিবাদ জানায়। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেয়।
রাকসুর সহকারী ক্রীড়া সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ নুন বলেন, ‘এক শুক্রবারে সন্ত্রাসীরা আমার ভাই শহীদ ওসমান হাদিকে গুলি করে হত্যা করেছিল। ঠিক একই শুক্রবার আজ, একটি ইন্টেরিম সরকার থাকা সত্ত্বেও আমাদের আন্দোলনরত ভাইদের ওপর মর্মান্তিক হামলা চালানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’
রাকসুর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বি. এম. নাজমুস সাকিব ইন্টেরিম সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যাদের রক্তের ওপর দাঁড়িয়ে এই ইন্টেরিম সরকার গঠিত হয়েছে, সেই সরকার আজও হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে পারেনি। বরং আমরা বিচার চাইতে গেলে আমাদের ভাইদের ওপর গুলি চালানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধ-শতাধিক শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন বিভিন্ন হল সংসদের নেতা-কর্মীরা।