কুমিল্লা: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ (বীর বিক্রম) বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে করে বলেছেন, তোমরা লেখাপড়া করো, গুণ্ডামি আর চলবে না। ডা. শফিকুর রহমানের সঙ্গে বেয়াদবি বরদাশত করা হবে না।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজারের উজিরপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনি জনসভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপিকে ভোট দিলে দেশ ঋণ খেলাপী, সন্ত্রাসী ও মাস্তানদের দখলে চলে যাবে। বিএনপি ও আওয়ামী লীগ, উভয়কেই জনগণ প্রত্যাখ্যান করেছে। তারেক রহমান বিদেশি প্রভাবের নির্দেশে চলেন। তারেক রহমান মোদীর কথায় চলে।
ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন ১১ দল ক্ষমতায় এলে ‘ন্যায়-শাসন প্রতিষ্ঠা’ ও বড় ঋণ খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। কর্নেল অলি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে যুব সমাজকে এগিয়ে আসতেই হবে। বাংলাদেশের অস্তিত্ব এখন সংকটাপন্ন। যারা ভারতের গোলামী করে—তাদের আর ভোট দেবেন না।
তিনি ডা. শফিকুর রহমানকে অনুরোধ করে বলেন, ‘ক্ষমতায় গেলে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এবং শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।’
তিনি ভোটারদের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, ‘এখন জাতির সিদ্ধান্ত নেওয়ার সময়—আপনারা কি দুর্নীতিবাজদের ভোট দেবেন, নাকি ন্যায়-ইনসাফের পক্ষে দাঁড়াবেন?’
জনসভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, ‘এ নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়। বাংলাদেশের ভবিষ্যৎ টিকে থাকবে কি না—তা নির্ধারণ হবে এই ভোটে।’
মুক্তিযোদ্ধা আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় জামায়াত ইসলামীর কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।