যশোর: যশোরের চৌগাছা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় এয়ারগান ও বিদেশি গ্যাস পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্রের আনুষঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করেছে ।
বিজিবি জানায়, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ আন্দুলিয়া বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার দৌলতপুর গ্রামের মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান, ১টি বিদেশি গ্যাস পিস্তল, ৩০টি ট্রিগার স্প্রিং, ১৪টি ব্যাকসাইড ইউ এবং ২৯টি ফ্রন্ট সাইড টিপ উদ্ধার করা হয়।
বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও আনুষঙ্গিক সরঞ্জামাদির আনুমানিক সর্বমোট মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা। এই অস্ত্রসমূহ মামলা দায়েরের পরে চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় অস্ত্র উদ্ধার সম্ভব হয়েছে।