নীলফামারী: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলটি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে অন্যতম প্রধান অগ্রাধিকার। এজন্য ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে। সরকার গঠন করেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।
উত্তরাঞ্চলের ৩ জেলায় নির্বাচনি সমাবেশের অংশ হিসেবে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী পৌরসভা মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, জেলার স্বাস্থ্যখাত উন্নয়নে সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি কর্মসংস্থান বাড়াতে উত্তরা ইপিজেড সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হবে। শুধু কৃষি নয়, এই অঞ্চলে শিল্পের বিকাশ ঘটাতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিএনপি সরকার গঠন করলে ১০ হাজার টাকার কম কৃষিঋণ মওকুফ করা হবে জানিয়ে তিনি বলেন, কৃষকদের জন্য সুলভে সার ও কৃষি উপকরণ নিশ্চিত করতে কৃষিকার্ড চালু করা হবে।
দেশ পুনর্গঠনে জনগণের সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, আগামীর রাজনীতি হবে দেশ পুনর্গঠনের রাজনীতি। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেও সবার সহযোগিতা প্রয়োজন। নির্বাচনে ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী বিএনপির ভোটারদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করলেও তাদের নিয়ে খারাপ মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এ ধরনের বক্তব্য দেশের মানুষের কোনো কাজে আসে না।