Saturday 07 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় জামায়াতের নারীকর্মীদের মারধরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৩৭ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৩০

জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ।

পাবনা: জেলার সুজানগরে জামায়াতের নারীকর্মীদের ওপর বিএনপি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দলটির দুই নারীকর্মীসহ পাঁচজন আহত হয়েছেন। তাদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে পৌর এলাকার সৈয়দপুরেও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নির্বাচনি প্রচারে বাধা ও মারধরের অভিযোগ উঠেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের রায়পুরে এবং পৌর এলাকার আহমদপুরের সৈয়দপুরে এসব ঘটনা ঘটে।

দুই ঘটনায় আহতরা হলেন- জামায়াতের নারীকর্মী মার্জিয়া খাতুন ও ফিরোজা বেগম, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি আমিনুল ইসলাম শিমুল ও ওলামা বিভাগের পৌর সভাপতি মাওলানা ইনামুল হক।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতের নেতা-কর্মীরা মাওলানা রফিকুল ইসলামের বাড়িতে নির্বাচনি প্রচার চালাতে যায়। এ সময় হুমায়ূন, সুমন, সেলিম, বন্দের মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা প্রথমে নারীকর্মীদের বাধা দেয়। এ সময় তাদের মারধরও করা হয়। তখন পাশে থাকা পুরুষকর্মীরা এগিয়ে এলে তাদেরকেও আঘাত করা হয়। এতে ১০ জন আহত হন। আহতদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়াও, আহমদপুর ইউনিয়নের সৈয়দপুরে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের নির্বাচনি প্রচারেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

এসব ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নারীকর্মীরা। মিছিলটি ভবানিপুর পশ্চিম পাড়া থেকে শুরু হয়ে সুজানগর বাজার প্রদক্ষিণ করে আবার ভবানিপুর পশ্চিম পাড়ায় এসে শেষ হয়।

এ বিষয়ে পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর রাশেদুজ্জামান বলেন, ‘আজ সুজানগরের তিনটি ঘটনা জানতে পেরেছি। এরই মধ্যে আমরা অভিযুক্তদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে পাবনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা হাবিব বলেন, ‘এগুলো কী হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না। ইউএনও (সহকারী রিটার্নিং কর্মকর্তা) অভিযুক্তদের বিরুদ্ধে যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থা নেবেন।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর