বগুড়া: বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি প্রচারে পরিবেশবান্ধব বায়োপ্লাস্টিকের ব্যানার ও ফেস্টুন ব্যবহার করা হয়েছে। এটি পঁচনশীল বলে সহজে প্রকৃতিতে মিশে যায়। এর উদ্যোগ নিয়েছেন বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নাহিয়ান বিন মাহবুব সিয়াম ও তার দল।
তারা জানান, বাংলাদেশ রাষ্ট্র মেরামতে বিএনপির ৩১ দফার মধ্যে ২৯ ও ৩১ নম্বরে নদী, মাটি, পানি, বাতাস ও বাস্তুসংস্থানের উন্নয়নে পরিকল্পনা নেওয়ার কথা জানানো হয়েছে। এই ধারণা থেকে বগুড়া জিলা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন বগুড়া আরবান ইনিশিয়েটিভ ফর লিডারশিপ এন্ড ডেভেলপমেন্ট (বিল্ড) এ উদ্যোগ নেয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া শহরের নবাববাড়ি সড়ক থেকে এই প্রচার কর্মসূচি শুরু হয়। বগুড়া-৬ আসনের নির্বাচনি কাজের দায়িত্বে থাকা বিল্ড সদস্য ছাত্রদলের এ এম শোয়াইব বলেন, ‘আমরা এতকাল যেসব ব্যানার ব্যবহার করতাম সেগুলো পরিবেশ দূষণ করে। কিন্তু এখন আমরা যে ব্যানার ও ফেস্টুন দিয়ে নির্বাচনি প্রচারের কাজ করছি, এটি পঁচনশীল। পলকা ফ্লেক্স নামের এই পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড) প্রায় ৭ মাসের মধ্যে মাটিতে মিশে যায়।’
তিনি আরও বলেন, ‘সংসদ সদস্য প্রার্থী যারা আছেন তাদেরও বলতে চাই, সবাই যেন ধীরে ধীরে প্লাস্টিক পণ্য বর্জন করে পরিবেশবান্ধব উপায়ে প্রচার চালায়। দেশের পরিবেশ রক্ষায় এটাই আমাদের বার্তা।’
নাহিয়ান জানান, বাংলাদেশে এই প্রথম পঁচনশীল দ্রব্যের ব্যানার ব্যবহার করা হচ্ছে। শালবৃক্ষের প্রতিষ্ঠাতা গবেষক মাহবুব সুমন এই পণ্য তৈরি করেছেন।
প্রথম ধাপে প্রায় ১০০টি ব্যানার ও ফেস্টুন নিয়ে মাঠে নেমেছেন নাহিয়ান ও তার দল।