কক্সবাজার: আগামী ১২ ফেব্রুয়ারি ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ওই দিনের নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। যার মাধ্যমে দেশের রাজনীতিতে বড় ধরনের বাঁকবদল ঘটবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি দেশ নিয়ে যে পরিকল্পনা ঘোষণা করেছে, ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, ‘দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাতকে আমরা কর্মের হাতে পরিণত করতে চাই। এর ফলে দেশে আর কোনো বেকার থাকবে না।’
নির্বাচনি প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, নারীর ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং চিকিৎসাসেবা নিশ্চিতে হেলথ কার্ড চালু করা হবে। পাশাপাশি ক্ষমতায় গেলে মাতামুহুরি উপজেলা বাস্তবায়ন এবং লবণের ন্যায্য মূল্য নির্ধারণসহ নানা উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
ধানের শীষকে মানুষের ও গণতন্ত্রের প্রতীক উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির স্বার্থে আগামী ১২ ফেব্রুয়ারি দেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট দিবেন।
জনসভায় আরও বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তার ছেলে সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপুসহ অন্যান্য নেতারা।
এদিকে শনিবার সকালে সালাহউদ্দিন আহমদ চকরিয়া উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নে গণসংযোগ করেন। এ সময় তিনি একটি পথসভায় যোগ দিয়ে দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।
পথসভায় তিনি বলেন, দেশের সব ধর্ম ও বর্ণের মানুষকে সঙ্গে নিয়ে এবং তারুণ্যের ভাবনাকে ধারণ করে বিএনপি দেশ পরিচালনার পরিকল্পনা সাজিয়েছে। তিনি দাবি করেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে, ততবারই দেশের উন্নয়ন, অগ্রগতি ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে। পাশাপাশি গণতন্ত্র বাধাগ্রস্ত হলে তা রক্ষায়ও বিএনপি ভূমিকা রেখেছে।
এতে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সুরাজপুর সাংগঠনিক ইউনিয়ন বিএনপির সভাপতি মৌলভী জয়নাল আবেদীনসহ ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।