নীলফামারী: জেলায় জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘নীলফামারীতে আমাদের তিন জন ধানের শীষের প্রার্থী আছেন এবং আমাদের এক ভাই খেজুর গাছের প্রার্থী এখানে আছেন। উনিও আমাদের সাথে আন্দোলন সংগ্রামে এক সাথে ছিলেন। কাজেই আমাদের দ্বায়ীত্ব হচ্ছে দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একসাথে দেশ গড়বো। ঠিক একই ভাবে ধানের শীষের পাশাপাশি আপনারা খেজুর গাছকে দেখে রাখবেন এই মানুষটাকেও সাথে নিয়ে আমরা দেশ গঠনের কাজে হাত দেব।’
উত্তরাঞ্চলের তিন জেলায় নির্বাচনি সমাবেশের অংশ হিসেবে নীলফামারী জনসভায় শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নীলফামারী পৌরসভা মাঠে আয়োজিত জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান একথা বলেন।
তারেক রহমান বলেন, ‘এখন কাজ একটাই আমাদের দেশ গঠনের কাজে মনোনিবেশ ও শপথ গ্রহন করতে হবে। আজকের এই জনসভা আমাদের দেশ গঠনের শপথ হোক। যে পরিকল্পনাগুলো দিয়েছি ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা সেগুলো বাস্তবায়ন করবো। তার আগে বাংলাদেশের প্রিয় জনগন প্রিয় ভাই বোন আপনাদেরকে আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে অর্থাৎ আগামী ১২ তারিখে ধানের শীষে সিল দিতে হবে।’
তিনি বলেন, ‘এই দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। দেশনায়ক জিয়াউর রহমান এবং খালেদা জিয়া যে কথাটি পছন্দ করতেন আমিও ব্যক্তিগত ভাবে তাদের সন্তান হিসেবে সেটা পছন্দ করি। সেই কথাটি হলো ‘করবো কাজ গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই দেশ গঠনের জন্য আমরা যাদের হাতে ঝাণ্ডা তুলে দিয়েছি এই মানুষগুলোকে আপনারা ১২ তারিখ পর্যন্ত দেখে রাখবেন।’
তারেক রহমান আরও বলেন, ‘১২ তারিখের পর এই লোক গুলোর দ্বায়ীত্ব হবে আপনাদের সাথে, এলাকার উন্নয়ন করা, আপনাদের উন্নয়ন করা এবং বিপদে আপদে আপনাদের পাশে থাকা। ১২ তারিখে এদের জয়যুক্ত করে আনবেন ইনশাআল্লাহ এবং ১২ তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর পর পর্যন্ত এরা প্রত্যেকটা মানুষ সার্বক্ষণিক জনগনের সেবার কাজে রত থাকবে ইনশাআল্লাহ।’