রংপুর: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় নেতা মোকাম্মেল হক চৌধুরী। তার সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে রংপুরের বদরগঞ্জ উপজেলায় এক নির্বাচনি জনসভায় ওই বিতর্কিত বক্তব্য দেন তিনি। তবে জাপা নেতৃত্ব এটিকে ‘ভুলবশত’ বলে উল্লেখ করে ব্যক্তিগত মতামত হিসেবে বর্ণনা করলেও, স্থানীয় জামায়াত নেতা এতে জাপাকে ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী’ বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার রংপুর- ২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আনিছুল ইসলাম মণ্ডলের সমর্থনে বদরগঞ্জ উপজেলায় নির্বাচনী জনসভা ছিল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য মোকাম্মেল হক চৌধুরী। সভায় মোকাম্মেল হক বলেন, ‘আমরা জাতীয় পার্টি আওয়ামী লীগের পক্ষে আছি। আমরা জেল-জুলুমকে ভয় পাই না। আওয়ামী লীগের নিরীহ নেতাদের ওপর কোনো অত্যাচার-নির্যাতন হতে দেব না। জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে, আওয়ামী লীগের সব মামলা আমরা প্রত্যাহার করব এবং জননেত্রী শেখ হাসিনাকে আমরা সসম্মানে দেশে ফিরিয়ে আনব। আওয়ামী লীগের সব মিথ্যা মামলা আমরা প্রত্যাহার করব। কি আনিস ভাই করবেন না প্রত্যাহার? ’-বলেন তিনি।’
মুহূর্তেই এই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে। সামাজিক মাধ্যমে অনেকে এটিকে ‘রাজনৈতিক বিশ্বাসঘাতকতা’ বলে অভিহিত করেছেন, আবার কেউ কেউ এটিকে জাপার ‘আওয়ামী লীগপন্থী’ অবস্থানের প্রমাণ হিসেবে দেখছেন।
বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. কামরুজ্জামান কবির বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ফেরাতে জাতীয় পার্টি কাজ করছে। উপজেলা জাতীয় পার্টি নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।’
অপরদিকে, জাতীয় পার্টির বদরগঞ্জ উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাকুর রহমান বলেন, মোকাম্মেল হক ভুলবশত শেখ হাসিনার বিষয়ে যে মন্তব্য করেছেন, তা তার ব্যক্তিগত মতামত।
এবিষয়ে মোকাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে, রংপুর-২ আসনের জাপা প্রার্থী আনিছুল ইসলাম মণ্ডল বলেন, ‘ও শেখ হাসিনাকে নিয়ে আসবে, এটা বলেছে, এটা স্লিপ অব টাং। ও এমনটা বলতে চায়নি, আবেগের বশে বলে ফেলেছে। পরে নিজেই স্বীকার করেছে যে, এটি ভুল হয়ে গেছে।’