Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা-৬ আসনে জামায়াত প্রার্থীর ইশতেহার ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৩২

কুমিল্লা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (কুমিল্লা মহানগর, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা সদর ও সদর দক্ষিণ) আসনের জামায়াত ও ১১ দলীয় মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ ১৭ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ‘ন্যায়, ইনসাফ ও সমৃদ্ধির কুমিল্লা’ গড়ার অঙ্গীকার নিয়ে তিনি দুপরে কুমিল্লা টাউন হল মাঠে এ ইশতেহার প্রকাশ করেন। তার পক্ষে ইশতেহার পাঠ করেন মহানগর নায়েবে আমির মোসলেহ উদ্দিন।

ইশতেহারের প্রথমেই কুমিল্লা বিভাগ বাস্তবায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দেন প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

তিনি বলেন, দীর্ঘদিনের দাবি পূরণে জনমতের প্রতিফলন ঘটিয়ে কুমিল্লাকে পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে প্রতিষ্ঠা করা হবে।

বিজ্ঞাপন

ইশতেহারে স্থান পেয়েছে, আধুনিক ও পরিকল্পিত মহানগরায়ন, বহু প্রতীক্ষিত কুমিল্লা বিমানবন্দর চালু, নগরের দীর্ঘদিনের ভোগান্তি জলাবদ্ধতা নিরসন ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, বড় শহরের ন্যায় যানজট নিরসনে আধুনিক ট্রাফিক ব্যবস্থা, ঢাকার সঙ্গে সরাসরি দ্রুতগতির রেলপথ সংযোগ, সাধারণ মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী শিক্ষা ব্যবস্থা উন্নয়ন, আধুনিক সরঞ্জাম ও সেবার মাধ্যমে স্বাস্থ্যখাতে পরিবর্তন, গ্রাম-নগর নির্বিশেষে যোগাযোগব্যবস্থা সম্প্রসারণ, তরুণদের কর্মসংস্থানের জন্য উদ্যোক্তা সহায়তা ও বেকারত্ব হ্রাস, কৃষক ও শ্রমিকের ন্যায্যমূল্য, নিরাপত্তা ও জীবনমান উন্নয়ন, নারী ও শিশু সুরক্ষা, প্রবাসীদের সমস্যা সমাধানে বিশেষ সেল গঠন, স্থানীয় গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তা, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি জোরদার করার অঙ্গীকারসহ আরও বেশ কয়েকটি বিষয়।

ইশতেহার ঘোষণার পর টাউন হল মাঠে উপস্থিত হাজারো সাধারণ মানুষ ও ১১ দলীয় জোটের নেতাকর্মীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কাজী দ্বীন মোহাম্মদ। উন্নয়ন, সুশাসন এবং দুর্নীতি দমনে তার ভূমিকা নিয়ে নানা পরামর্শ দেন সুধীজনরা।

অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উপস্থিতি নির্বাচনি অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে জনগণের সহযোগিতা কামনা করেন কাজী দ্বীন মোহাম্মদ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর