Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনকে কেউ যেন প্রভাবিত করতে না পারে এ বিষয়ে কাজ করছে সেনাবাহিনী: কর্নেল মেহেদী হাসান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:১৬ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২০

কর্নেল মেহেদী হাসান।

কুমিল্লা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোনো ধরনের বাধা সৃষ্টি কিংবা নির্বাচনকে কেউ যেন প্রভাবিত করতে না পারে, সে লক্ষ্যেই কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর বলে জানিয়েছেন, ৩৩ পদাতিক ডিভিশনের কর্নেল কে এম মেহেদী হাসান।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান কর্নেল মেহেদী হাসান।

তিনি বলেন, বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, সন্ত্রাস দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। নির্বাচনকে সামনে রেখে ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর ও ফেনী জেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান আরও জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিভিশন সূত্রে জানা গেছে, চলমান অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে আগামী ১০ ফেব্রুয়ারি কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

৩৩ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে আরও জানানো হয়, যেকোনো পরিস্থিতিতেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। ভোটাররা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই, উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন-সে লক্ষ্যে প্রয়োজনীয় সব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নির্বাচনি নিরাপত্তা নিশ্চিত করতে সাধারণ জনগণসহ দলমত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। একই সঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর সব ইউনিট মাঠপর্যায়ে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বিত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর