যশোর: যশোরে চৌগাছায় জামায়াতে ইসলামীর নারী ভোটকর্মীদের হেনস্তার পৃথক দুই ঘটনায় বিএনপির ৬ কর্মীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
রোববার (৮ ফেব্রুয়ারি) কমিটির চেয়ারম্যান সিনিয়র সিভিল জজ গোলাম রসুল দুই মামলায় সাতজনের শুনানি শেষে এই রায় ঘোষণা করেন।
মামলার সাতজন আসামিদের মধ্যে ইব্রাহিম হোসেন, শিমুল হোসেন, শাহাবুদ্দিন ও কবির হোসেনকে ১০ হাজার করে এবং মুকুল ও মন্টু রহমানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া লিয়াকত আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরা সবাই বিএনপির কর্মী।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলার ধুলিয়ানী মুক্তারপুর ও হাকিমপুরের মাঠচাকলা গ্রামে জামায়াতে ইসলামীর প্রার্থীর নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে সামারি ট্রায়ালের জন্য অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে আবেদন করা হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অভিযোগ দুটি আমলে নিয়ে অভিযুক্ত সাতজনকে সামারি ট্রায়ালে হাজির হওয়ার নির্দেশ দেন অনুসন্ধান ও বিচারিক কমিটি।