Sunday 08 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্র পাহারা দেবেন, ফলাফল নিয়ে ঘরে যাবেন: সালাহউদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৯ | আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ২২:৫৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ নেতা-কর্মীদের উদ্দেশে বলেছেন, ‘ভোটের দিন সবাই নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করবেন। ভোটকেন্দ্র পাহারা দেবেন এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছেড়ে যাবেন না।’

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজারের পেকুয়ায় আলহাজ কবির আহমদ চৌধুরীর বাজার থেকে শুরু হওয়া নির্বাচনি গণমিছিল শেষে সাকুরপাড় স্টেশনে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের দিন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। তিনি নেতা-কর্মীদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, ‘কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম যেন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।’

বিজ্ঞাপন

নারী ভোটারদের বিষয়ে তিনি বলেন, মা-বোনেরা যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে এসে নিজেদের পরিচয় দিয়ে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করতে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

নির্বাচনি আচরণবিধির কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই সব ধরনের নির্বাচনি প্রচার শেষ করা হবে। তার ভাষায়, ‘সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই প্রচার কার্যক্রম শেষ হবে এবং ১০ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রচারণার সময়সীমা শেষ হয়ে যাবে।’

তিনি বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবারের নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন রাজনৈতিক যাত্রা শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তার দাবি, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশে একটি শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে।

এর আগে পেকুয়া উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত গণমিছিলে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। স্থানীয়দের ধারণা, এতে লক্ষাধিক মানুষের সমাগম হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তার ছেলে সাঈদ ইব্রাহিম আহমেদ, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর