রাজবাড়ী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে রাজবাড়ী জেলার ২টি আসনের মোট ৩৫৪টি ভোটকেন্দ্রে ৪৬০২ জন আনসার সদস্য নির্বাচনি দায়িত্ব পালন করবেন।
রোববার ( ৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় শহরের শহিদ খুশি রেলওয়ে ময়দানে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশ এসব তথ্য জানানো হয়।
নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়ন (৩৬ বিএন) পরিচালক রোকসান বেগম বক্তব্য দেন। এ সময় সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (ভারপ্রাপ্ত) মো. জুয়েল রানা, জেলার ৫টি উপজেলার আনসার ও ভিডিপির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রোকসান বেগম বলেন, রাজবাড়ী জেলার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অনেক ভালো এবং খুবই একটিভ। বাংলাদেশে এই প্রথমবারের মতো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নির্বাচনে যে সদস্যরা দায়িত্ব পালন করবেন তাদের এমআইএস এর মাধ্যমে মোতায়েন হয়েছে। এই প্রথমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কতৃক সমগ্র বাংলাদেশের প্রতিটি জেলায় হাজিরা প্যারেডের আয়োজন করা হয়েছে। এই হাজিরা প্যারেডের মাধ্যমে আপনারা জানতে পারছেন কোন ভোটকেন্দ্রে আপনারা দায়িত্ব পালন করবেন, ভোট কেন্দ্রে আপনার দায়িত্ব ও কর্তব্য কি হবে, আপনাদের করণীয় কি।
তিনি বলেন, রাজবাড়ী জেলার ২টি আসনের মোট ৩৫৪টি ভোটকেন্দ্র রয়েছে। এই ভোটকেন্দ্র গুলোতে ৪৬০২জন আনসার সদস্য নির্বাচনি দায়িত্ব পালন করবেন। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩ জন করে সদস্য থাকবে। এই ১৩ জন সদস্যদের মধ্যে ৩ জন অস্ত্র নিয়ে ডিউটি করবে এবং বাকিরা লাঠি নিয়ে দায়িত্ব পালন করবে। এ ছাড়া ১ জন সেকশন কমান্ডার, ১ জন সহকারী সেকশন কমান্ডার হিসেবে মতায়ন থাকবে। প্রিজাইডিং অফিসারের নিরাপত্তার জন্য ১ জন অস্ত্রধারী আনসার সদস্য থাকবে। তিনি প্রিজাইডিং অফিসারের সার্বক্ষণিক নিরাপত্তা দিবেন।