Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রাজবাড়ী রেলস্টেশনে ট্রেনে ঢাকামুখী যাত্রীদের ভিড়

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
২৪ মার্চ ২০২৬ ১৬:২৩
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

রাজবাড়ী: ঈদুল ফিতরের ছুটি শেষে মানুষ কর্মস্থলে ফিরছে। রাজবাড়ী রেলওয়ে স্টেশন দিয়ে ঢাকাগামী প্রত্যেকটি ট্রেনের ভেতরে ও দরজায় যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় ফিরছে তারা।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১ টায় রাজবাড়ী রেলস্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী মধুমতী এক্সপ্রেসের যাত্রীরা রাজবাড়ী রেলস্টেশনে অপেক্ষা করছে। প্লাটফর্মে বসার যায়গা না পেয়ে যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনজুড়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ও রেলওয়ে পুলিশের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

১ নম্বর প্লাটফর্মে মধুমতি এক্সপ্রেস ট্রেনের জন্য অপেক্ষা করা যাত্রী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ঈদের ছুটিতে গিয়েছিলাম নানা বাড়ি বেড়াতে। স্টেশনে এসে দেখি অনেক লোক। এখন ছোট বাচ্চা নিয়ে ট্রেনে উঠবো কীভাবে সেটাই ভাবছি। নিরাপদ ভ্রমণ হচ্ছে ট্রেন। তাই আগেই ট্রেনের টিকিট কেটে রেখেছিলাম। তবে এখন চিন্তা বেড়েই গেলো উঠবো কিভাবে।’

রায়হান নামের এক যাত্রী বলেন, ‘আমি গার্মেন্টসে চাকরি করি। টিকিট কিছুদিন আগে কেটেছি। প্লাটফর্মে যে যাত্রী দেখছি, ট্রেনে উঠতে পারবো কিনা যানি না।’

সরেজমিনে আরও দেখা যায়, রাজশাহী থেকে ছেড়ে আসা মধুমতী এক্সপ্রেস ট্রেন ২৫ মিনিট বিলম্বে রাজবাড়ী রেলওয়ে স্টেশনে ১১ টা ১৫ মিনিটে প্রবেশ করে। এ সময় দেখা যায় ট্রেন ভরা যাত্রী। ট্রেনের ভেতরসহ দরজায়ও উপচে পড়া ভিড়। দরজাগুলোতে বাদুরঝোলা হয়ে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। দরজার সামনে অতিরিক্ত ভিড় হওয়ায় কারণে ট্রেনের ভেতরের যাত্রীরা নামতে পারছিলেন না। ট্রেন প্লাটফর্মে দাঁড়ালে যে যেভাবে পারলেন ট্রেনে উঠলেন। অনেকে ভেতরে জায়গা না পেয়ে দরজায় ঝুলেই নিজ গন্তব্যের উদ্দেশে রওনা দিলেন। ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন থেকে ১১টা ২৫ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে ট্রেনের ছাদে কাউকে ভ্রমণ করতে দেখা যায়নি।

রাজবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আব্দুর রহমান বলেন, ‘ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে মানুষ কর্মস্থলে ফিরছে। এজন্য ঢাকাগামী সব ট্রেনে ভিড় দেখা যাচ্ছে। যাত্রীদের নিরাপত্তার জন্য স্টেশনজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি রয়েছে।’