ফরিদপুর: বিএনপি কেন্দ্রীয় কমিটির সম্পাদক ও ফরিদপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘১৭ বছরে আপনাদের ছেড়ে যাইনি, সারা জীবনেও যাব না।’
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার এম এন একাডেমি স্কুল মাঠে বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শুধু একটি ভোটের লড়াই নয়, এই নির্বাচনের মাধ্যমেই নির্ধারিত হবে বাংলাদেশ কোন পথে চলবে এবং কার হাতে দেশ নিরাপদ থাকবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।
নগরকান্দা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত জনসভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন।
এছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী জনসভায় অংশ নেন।
জনসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের ২ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। শামা ওবায়েদের হাতে ফুল দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।