রাজবাড়ী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন, রাজবাড়ী জেলা কারাগারের ৭০ জন বন্দি। একই সঙ্গে তারা গণভোটেও অংশ নেন।
রোববার (৭ ফেব্রুয়ারি) এই ভোটগ্রহণ সম্পূর্ণ হয়েছে।
জেলা কারাগার সূত্রে জানা গেছে, জেলা কারাগারে সর্বমোট বন্দির সংখ্যা ৫২১ জন। হাজতি আছেন ৩৫৫ জন ও সাজাপ্রাপ্ত বন্দি আছেন ১৬৫ জন। শ্রেণিপ্রাপ্ত বন্দি আছেন ১ জন। মোট বন্দিদের মধ্যে পুরুষ ৫০২ জন ও নারী বন্দি ১৯ জন। মোট ৫২১ জন বন্দির মধ্যে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৭০ জন বন্দি।
এ বিষয়ে জেলা সুপার মো. এনামুল কবির বলেন, ভোটগ্রহণের আগে বন্দিদের নিজ নিজ নির্বাচনি আসনের প্রার্থী ও প্রতীক সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়। বন্দিরা নির্ধারিত স্থানে বসে ব্যালট পেপারে ভোট দিয়ে খাম সিলগালা করেন ও কর্তৃপক্ষের কাছে জমা দেন। রাজবাড়ী জেলা কারাগার থেকে মোট ৯৭ জন বন্দি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ৭০ জন বন্দি পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছে। ২৩ জন বন্দি জামিনে কারাগার থেকে চলে গেছেন এবং রেজিস্ট্রেশন-এ ভুল থাকার কারণে ৩ জনের ব্যালট পেপার নির্বাচন কমিশন থেকে আসেনি। আর একজনের ভোট ফরিদপুরে হয়েছে। পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য কারাগারে দুইটা বুথ স্থাপন করা হয়েছে।