মুন্সীগঞ্জ: শ্রীনগর উপজেলার নিমতলা আন্ডারপাসের ওপর গাড়ির ধাক্কায় একটি পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী নিহত হয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চালক সুজন (৩৭) যশোরের কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং নিহত সহকারী ইছারুল খুলনার ডুমুরিয়া এলাকার জীবনের ছেলে। ইছারুল যশোরে থাকতেন।
শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, যশোর থেকে কাঁচামাল নিয়ে পিকআপটি ঢাকার দিকে যাচ্ছিল। পথে নিমতলা আন্ডারপাসের ওপর পৌঁছালে ঢাকামুখী একটি গাড়ি পিকআপটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক সুজন মারা যান। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ইছারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজাদ হোসেন আরও জানান, ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত পিকআপ এবং নিহতদের মরদেহ হাসাঁড়া হাইওয়ে থানায় পুলিশের হেফাজতে রয়েছে।