নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত জিহার হোসেন (১৭) নামে দশম শ্রেণির ছাত্রের তিন দিন পর মৃত্যু হয়েছে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
নিহত জিহার হোসেন উপজেলার গালিমপুর পারকুঠী গ্রামের টিপু সুলতানের ছেলে এবং বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ।
বিষয়টি নিশ্চিত করে ১ নং পাঁকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে জিহার মোটরসাইকেল নিয়ে উপজেলার গালিমপুর মসজিদ মোড় থেকে বেপরোয়া গতিতে সাদিমারা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে গালিমপুর হাফিজিয়া মাদ্রাসার নামফলকের পিলারের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত তার মৃত্যু হয়।
তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে শোকের মাতম চলছে।