যশোর: যশোর-৬ (কেশবপুর) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কেশবপুর পৌর জামায়াতে ইসলামীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী এজেন্ট সাইদুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে যশোর-৬ (কেশবপুর) আসনের ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোক্তার আলী স্যারের নিজ বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। আমরা এই কাপুরুষোচিত, পরিকল্পিত ও ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি কেশবপুরে আইনশৃঙ্খলার অবনতির একটি নগ্ন বহিঃপ্রকাশ। নির্বাচনি পরিবেশকে আতঙ্কিত করা, সাধারণ ভোটারদের ভয় দেখানো এবং একটি জনপ্রিয় প্রার্থীকে দমিয়ে রাখার জন্য এই ধরনের সন্ত্রাসী কৌশল গ্রহণ করা হয়েছে বলে আমরা মনে করি।‘
তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই হামলা শুধু একজন প্রার্থীর ওপর নয়, এটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ওপর সরাসরি আঘাত। এটি সংবিধান, গণতন্ত্র এবং জনগণের ভোটাধিকারকে চ্যালেঞ্জ করার শামিল।’
তিনি দাবি জানান, এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেফতার করতে হবে। ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
কেশবপুর থানার ওসি শুকদেব রায় জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।