চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম নির্বাচিত হলে বরেন্দ্র অঞ্চলে সৌরশক্তির মাধ্যমে কৃষিজমিতে সেচ ব্যবস্থা সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জেলার নাচোল উপজেলার হাট-চাতাল মাঠে শেষ নির্বাচনি সভায় এ ঘোষণা দেন তিনি। নাচোল উপজেলা ও পৌর বিএনপি এ নির্বাচনি জনসভার আয়োজন করে।
সভায় আমিনুল বলেন, ‘বিএনপি শ্রমিক ও কৃষকবান্ধব দল। এই দল সরকার গঠন করলে সেই সরকারও হবে শ্রমিক ও কৃষকবান্ধব। আমি নির্বাচিত হলে নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় অগ্রাধিকার ভিত্তিতে কৃষির উন্নয়নে কাজ করবো। এ অঞ্চলে সৌরশক্তির মাধ্যমে সেচ ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হবে। এতে সেচ সুবিধার পাশাপাশি খরচও কমবে।’
এ ছাড়াও, তিন উপজেলায় সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দেন তিনি।
তিনি বলেন, ‘আমি আগেও সংসদ সদস্য ছিলাম। কিন্তু আমার দল ক্ষমতায় ছিল না। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক উন্নয়নমূলক কাজ করতে পারিনি। এরপরও যেসব উন্নয়ন করেছি তা ক্ষমতাসীন দলের এমপিরা করতে পারেননি।’
নির্বাচনে বিজয়ী হলে ১০ হাজারের কম কৃষিঋণ মওকুফ, অবহেলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়ন, সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা নিশ্চিত এবং সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন করবেন বলেও ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম তুহিন, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, গোমস্তাপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকিসহ অনেকেই।