Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমার বর্ধিত হায়াত দেশের মানুষের সেবায় উৎসর্গ করলাম: সালাহউদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০০

সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আমার বেঁচে থাকার কথা ছিল না। আমাকে গুম করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে। আপনারা দোয়া করেছেন, রাব্বুল আলামিন আপনাদের মোনাজাত কবুল করেছেন এবং আমাকে বাঁচিয়ে রেখে নতুন জীবন দিয়েছেন।’

তিনি বলেন, ‘আমার এই নতুন জীবন, এই বর্ধিত হায়াত এ দেশের মানুষের সেবার জন্য উৎসর্গ করলাম। আমার জন্ম হয়েছে এ দেশের উন্নয়ন ও স্বাধীনতা রক্ষার জন্য।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে কক্সবাজারের চকরিয়া পৌর এলাকার বাস টার্মিনাল চত্বরে অনুষ্ঠিত নিজের শেষ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জনসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের সন্তানেরা রক্ত দিয়ে শহিদ হয়েছেন একটি বৈষম্যমুক্ত রাষ্ট্র ও গণতান্ত্রিক সংস্কারের জন্য। সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। যেখানে ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য আর কোনো মানুষকে জীবন দিতে হবে না।’

ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে তিনি বলেন, ‘বিএনপির ইতিহাস এ দেশের অর্থনৈতিক উন্নয়নের ইতিহাস, বারবার গণতন্ত্র পুনরুদ্ধারের ইতিহাস। আগামী ১২ তারিখ আপনারা সবাই নির্ভয়ে ধানের শীষে ভোট দেবেন। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র ত্যাগ করবেন না। ইনশাআল্লাহ জনগণের বিজয় হবে। কারণ বিএনপির সরকার মানেই জনগণের সরকার।’

শেষ নির্বাচনি জনসভায় চকরিয়া ও পেকুয়ার প্রতিটি ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী এবং ধানের শীষের সমর্থকদের ঢল নামে। আয়োজকদের দাবি, জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। এতে পুরো সভাস্থল জনসমুদ্রে পরিণত হয়।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী হাসিনা আহমদ। এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর