Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেসক্লাবের টয়লেট থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১২:২৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের টয়লেট থেকে সৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক ও বিএনপির মিডিয়া সেলের সদস্য আলী মামুদের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, তিনি স্ট্রোক করে মারা গেছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯টায় টয়লেট থেকে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মৃত আলী মামুদের ছেলে আলী আব্দুল্লাহ তাসভীর জানান, আলী মাহমুদ দৈনিক দিনকাল পত্রিকার সিটি এডিটর। তাদের বাসা মধ্য বাড্ডা শাহবুদ্দিন মোড় এলাকায়। তার বাবা সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন। এরপর দুপুরে যান প্রেসক্লাবে। পরবর্তী সোমবার রাত ১২টা বেজে গেলেও তিনি বাসায় ফিরেননি। এরপর পরিবার তার বিভিন্ন সহকর্মীকে কল করে তাকে খুঁজতে থাকেন। কেউ তার সন্ধান দিতে পারছিলেন না। তবে অনেকেই বলছিলেন, সোমবার বিকেল ৫টা পর্যন্ত তারা প্রেসক্লাবে তাকে দেখেছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আজ সকাল ৭টার দিকে প্রেসক্লাবের এক পিয়ন টয়লেটের দরজা ভেতর থেকে বন্ধ দেখে নিচ দিয়ে উঁকি দিয়ে দেখেন ভেতরে কেউ একজন পড়ে আছেন। তখন বাথরুমের দরজা ভেঙে বাবাকে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

মৃত আলী মামুদের স্ত্রী জেসমিন আরা জানান, ১২ বছর আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। তার ধারণা, অসুস্থ হয়ে তার স্বামী মারা গেছেন।

আলী মামুদের বাড়ি রাজশাহীর পবা উপজেলার ভীমের ডাইং গ্রামে। দুই ছেলে ও এক মেয়ের জনক তিনি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর