চাঁপাইনবাবগঞ্জ: মাদকবিরোধী অভিযানে ১৮ কেজি গাঁজাসহ মো. আব্দুল আলী (৩০) নামে এক ট্রাকচালককে আটক করেছে র্যাব-৫। এসময় ওই ট্রাকটি জব্দ করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী সিপিসি–৩ ও চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকানো অবস্থায় ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় ট্রাকচালক মো. আব্দুল আলী (৩০)-কে আটক করা হয়। তিনি জেলার শিবগঞ্জের বাসিন্দা মো. আজিজুল হকের ছেলে। জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে র্যাব জানায়।
পরবর্তীতে উদ্ধারকৃত গাঁজা ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব আরও জানায়, মাদকদ্রব্যের অপব্যবহার রোধ ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।