বরিশাল: ঝালকাঠির রাজাপুর উপজেলায় জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা জামায়াতের আমির মাস্টার কবির হোসেন লিখিত বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণভাবে নির্বাচনি প্রচার চালিয়ে আসছে। কিন্তু একটি বিশেষ দল পরিকল্পিতভাবে জামায়াতের কর্মীদের হুমকি, বাধা, ভীতি প্রদর্শন ও হামলা চালিয়ে যাচ্ছে, যার কিছু ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
তিনি অভিযোগ করেন, সাতুরিয়া ইউনিয়নসহ কয়েকটি এলাকায় চিহ্নিত মাদকসেবী ও অস্ত্রধারী সন্ত্রাসী গোষ্ঠী বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালের ছত্রছায়ায় নির্বাচন ভণ্ডুল করার লক্ষে সাধারণ ভোটার ও দাঁড়িপাল্লা প্রতীকের কর্মীদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে দীর্ঘদিনের পুরোনো জামায়াত কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এর আগে প্রকাশ্যে জামায়াতের কর্মীদের হুমকি দিয়ে সাতুরিয়া ইউনিয়নে জামায়াতের কোনো চিহ্ন থাকতে দেওয়া হবে না বলে জানানো হয়েছিল। কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় ওই সন্ত্রাসী গোষ্ঠীর সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলেও অভিযোগ করেন নেতারা।
ঘটনার পর জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি প্রশাসনকে অবহিত করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। জামায়াত নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরপেক্ষ নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ অস্বীকার করে রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ বলেন, জামায়াতের লোকেরাই নিজেরা আগুন দিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, এ ধরনের কাজে জড়িত থাকার প্রশ্নই আসে না।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। অফিসের ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে বলে জানা গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে ঝালকাঠি সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নে দাড়িপাল্লার দুই কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
রাজাপুরে জামায়াতে ইসলামীর কার্যালয়ে অগ্নিসংযোগ
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৩
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৩
সারাবাংলা/এনজে