যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পুলিশ শটগানে শুধু রাবার বুলেট ব্যবহার করবে বলে জানান খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল হক।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে যশোরের পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, ‘শটগানে সাধারণত দুই ধরনের অ্যাম্বুশন ব্যবহার করা হয়। একটি রাবার বুলেট, অপরটি লিফবল (মেটাল)। লিফবল বুলেট মানুষের শরীরে বিদ্ধ হলে জখম বেশি হয়। কোনো মানুষকে জখম করা আমাদের লক্ষ্য নয়। বিশৃঙ্খলা হলে আগে দুইরকমের বুলেটই ব্যবহার করা হতো। এবার টোটালি লিফবল বুলেট ব্যবহার করা হবে না। আমরা লিফবল বুলেট ইস্যু করিনি। ঝুঁকি নিয়ন্ত্রণের জন্য এবার শুধুমাত্র রাবার বুলেট ইস্যু করা হয়েছে। রাবার বুলেটও যেন আমাদের ব্যবহার করতে না হয়, সেই দোয়া করবেন। তারপরও যদি কোনো কেন্দ্র আক্রান্ত হয়, ব্যালট বাক্স ছিনতাই কিংবা ভোটাররা আক্রান্ত হন, তখন সিআরপিসি ও বিআরবি বিধান অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’
ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে রেজাউল হক বলেন, ‘সব কেন্দ্রই সাধারণ, আবার সব কেন্দ্র ঝুঁকিপূর্ণ। যখন কোনো কেন্দ্রে কোনো ঘটনা ঘটে, তখন সেই মুহূর্ত থেকে ওই কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ হিসেবেই বিবেচিত হয়। ঝুঁকিপূর্ণ ধরা হয় দুর্গম, দুরবর্তী ও সীমান্তবর্তী এবং ফোর্স পৌঁছাতে সময় লাগে এমন এলাকাকে। সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তাজনিত কারণে পুলিশ ও বিজিবি ছাড়া অন্য কোনো বাহিনী মোতায়েন করা সম্ভব হয় না। এজন্য সেসব এলাকাকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করা হয়।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করবে পুলিশ। অন্য কোনো বিষয় পুলিশের আওতায় নেই। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে পুলিশ সদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। আইনের বাইরে গিয়ে কারো প্রতি বিরাগ কিংবা ভালোবাসা দেখানোর সুযোগ নেই।’
এ ছাড়া নির্বাচনকালীন আইনশৃংখলার দায়িত্ব পালনে পুলিশের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে নাগরিকদের সচেতন ও সতর্ক থাকার আহ্বানও জানান ডিআইজি।
ব্রিফিংকালে আরও উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।