Monday 05 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পিরোজপুরের ৪১৮ কেন্দ্রে নিরাপত্তা জোরদার, রেসপন্স টিম প্রস্তুত

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর: জেলার তিনটি সংসদীয় আসনের ৪১৮টি ভোটকেন্দ্রে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৮ এর পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে জেলার বিভিন্ন এলাকায় র‍্যাব-৮ এর একাধিক টিম রোবস্ট পেট্রোলিং ও মোবাইল পেট্রোলিংয়ের মাধ্যমে ভোটকেন্দ্রগুলো পরিদর্শন করে। এ সময় ভোটকেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, ঝুঁকি মূল্যায়ন এবং দ্রুত রেসপন্স ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়।

র‍্যাব-৮ সূত্র জানায়, জেলার তিনটি সংসদীয় আসনের প্রতিটি ভোটকেন্দ্রের জন্য পৃথক মোবাইল পেট্রোল টিম নির্ধারণ করা হয়েছে। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত কেন্দ্রগুলোতে বিশেষ নজরদারি ও প্রতিরোধমূলক নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।
বর্তমানে পিরোজপুর জেলায় ৬৫ জন র‍্যাব সদস্য মোতায়েন রয়েছেন, যারা তিনটি আসনজুড়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার কামরুজ্জামান বলেন, ‘আজ আমরা রোবস্ট ও মোবাইল পেট্রোলিংয়ের মাধ্যমে জেলার সব ভোটকেন্দ্র পরিদর্শন করেছি। আমাদের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। প্রতিটি র‍্যাব গাড়ির নম্বর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সার্কুলেট করা হয়েছে এবং কোনো কেন্দ্র থেকে সংকেত পাওয়া মাত্র সর্বোচ্চ ৩০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানোর মতো প্রস্তুতি রয়েছে।’

তিনি আরও জানান, নির্বাচনকালে যেকোনো ধরনের বিশৃঙ্খলা-সন্ত্রাসী তৎপরতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে র‍্যাব-৮ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রয়োজনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর