রাজবাড়ী: রাজবাড়ীর পাংশাতে যৌথ বাহিনীর অভিযানে একটি ওয়ান শুটারগান, গুলি ও ৭টি ককটেল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পাট্টা ও সরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, রাজবাড়ীর পাংশা আর্মি ক্যাম্প উপজেলার পাট্টা ইউনিয়নের লাল চানের বাড়িতে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় সেনাবাহিনীর উপস্থিতিতে টের পেয়ে লাল চান বাড়ি থেকে পালিয়ে যায়। পরে তার বাড়িতে তল্লাশি করে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি অ্যামোনিশন উদ্ধার করা হয়।
এরপর সরিষা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী আজিজের বাড়িতে অভিযান পরিচালনা করে ৭টি ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাংশা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা হয়নি।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, যৌথ বাহিনী পাংশার পাট্টা ও সরিষা ইউনিয়নে অভিযান পরিচালনা করে একটি ওয়ান শুটারগান, গুলিসহ ৭টি ককটেল উদ্ধার করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।