Tuesday 10 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভৈরবে ডুবল ৯০০ মেট্রিক টন কয়লাসহ কার্গো জাহাজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ ফেব্রুয়ারি ২০২৬ ২২:২৪

ভৈরব নদে ডুবল ৯০০ মেট্রিক টন কয়লাসহ কার্গো জাহাজ। ছবি: সংগৃহীত

যশোর: জেলার শিল্পাঞ্চল নওয়াপাড়ায় ভৈরব নদে ৯০০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অভয়নগর উপজেলার ভাঙ্গাগেট এলাকায় মীর রাসেল ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

ডুবে যাওয়া জাহাজটির নাম ‌‘এমভি আরাফাতের নূর’। আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ আফ্রিকা থেকে কয়লাগুলো আমদানি করে নওয়াপাড়ায় এনেছিল।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আফ্রিকা থেকে বড় জাহাজে (মাদার ভেসেল) মোংলা সমুদ্রবন্দরের হাড়বাড়িয়া ৪ নম্বর ঘাটে কয়লা আনা হয়। পরে সেখান থেকে ৩১ জানুয়ারি ছোট কার্গো জাহাজ এমভি আরাফাতের নূরে কয়লা বোঝাই করে নওয়াপাড়া নদীবন্দরের রাজঘাট এলাকায় নোঙর করা হয়।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কয়লা আনলোডের উদ্দেশ্যে জাহাজটি ভাঙ্গাগেট এলাকায় মীর রাসেল ঘাটে আনা হয়। মধ্যরাতে ভাটার সময় জাহাজটির দু’টি দড়ি ছিঁড়ে গেলে এটি কাত হয়ে যায়। এর পর মঙ্গলবার ভোররাতের দিকে জাহাজে পানি প্রবেশ শুরু হয় এবং ধীরে ধীরে সেটি নদীতে ডুবে যায়।

এমভি আরাফাত নূরের মাস্টার দিদারুল আলম জানান, জাহাজে থাকা আটজন ক্রু’র সবাই নিরাপদ রয়েছেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আমদানিকারক প্রতিষ্ঠান সাহারা এন্টারপ্রাইজ নওয়াপাড়া অফিসের ইনচার্জ মোহাম্মদ রিদুয়ান কবির বলেন, ‘ডুবে যাওয়া জাহাজে থাকা প্রায় ৯০০ মেট্রিক টন কয়লার বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা। উদ্ধার কার্যক্রম শেষ হলে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা যাবে।’

নওয়াপাড়া নদীবন্দর টার্মিনাল ভবনের উপপরিচালক মাসুদ পারভেজ জানান, ঘটনার খবর পাওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই বিআইডব্লিউটিএর উদ্যোগে উদ্ধার কাজ শুরু করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর