কুষ্টিয়া: রাত পোহালেই ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছে জেলা প্রশাসন। এরই মধ্যে পুলিশ, বিজিবি, আনসার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সমন্বয়ে জেলার বিভিন্ন কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচন সামগ্রী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ ও নির্ধারিত বিতরণ কেন্দ্র থেকে প্রিজাইডিং কর্মকর্তারা সিল, প্যাড, অমোচনীয় কালি, স্বচ্ছ ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচন সামগ্রী বুঝে নেন। পরে সেগুলো আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তায় সংশ্লিষ্ট ভোটকেন্দ্রে পাঠানো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনের ৫৯৯টি ভোটকেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে কাজ করছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম প্রস্তুত রাখা হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।