বান্দরবান: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা দিতে বান্দরবানে মহড়া চালিয়েছে যৌথবাহিনী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে সদর জোনের প্রশিক্ষণ গ্রাউন্ডের তিন বাহিনীর সদস্যরা মহড়াতে যোগ দেন।
এ সময় সেনাবাহিনী, র্যাব ও বিজিবিসহ তিন বাহিনীর উদ্দেশে নির্বাচনি পরিবেশ সুরক্ষিত রাখার নির্দেশনা দেন সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ।
এ সময় গুরুত্বপূর্ণ স্থাপনা, নির্বাচন সংশ্লিষ্ট অবকাঠামো এবং ভোটকেন্দ্রগুলোতে বহুমাত্রিক নিরাপত্তা বলয় গড়ে তোলা ও বেসামরিক প্রশাসনকে সহায়তা পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তা ও জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা বরদাস্ত করা হবে না হলে হুঁশিয়ার দেন তিনি।
একইসঙ্গে ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারেন সে লক্ষ্যে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে নির্দেশনাও দেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দেশের সর্বশেষ ৩০০ নম্বর বান্দরবান সংসদীয় নির্বাচনি এলাকায় সেনাবাহিনীর ৪৫০ জন, বিজিবির ১০০ জন ও র্যাবের ৫০ সদস্যসহ ৬০০ জন যৌথবাহিনী সদস্য মাঠে নিয়োজিত থাকবে।
পরে নির্বাচনকে ঘিরে সেনাবাহিনী, বিজিবি, র্যাবের সমন্বয়ে যৌথ বাহিনীর সদস্যরা জেলা শহরের গুরুত্বপূর্ণ এলাকায় সতর্কতামূলক মহড়া দেন।