Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:৫২ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:০৩

রংপুর: আগামীকাল (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সব লজিস্টিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রংপুর জেলায় নির্বাচনি মালামাল ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্পসহ অন্যান্য সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর জিলা স্কুল থেকে এসব মালামাল বিভিন্ন উপজেলা ও কেন্দ্রে পাঠানো হয়েছে, যাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে পৌঁছানো হয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৮৭৩টি ভোটকেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ হবে। এসব কেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব মালামাল ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে। বিতরণ প্রক্রিয়ায় পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তা দিয়েছেন, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। রংপুর জিলা স্কুল থেকে সরাসরি বিভিন্ন উপজেলা ও কেন্দ্রে ট্রাক ও যানবাহনের মাধ্যমে মালামাল পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

রংপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এনামুল আহসান জানান, নির্বাচনের সব প্রশাসনিক প্রস্তুতি শেষ হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। জেলায় মোট ভোটার ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন, যার মধ্যে নারী ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ৩১ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য রংপুরে ২৩ হাজার ৫৬৭ জন নিবন্ধিত হয়েছেন, যা এবার প্রথমবারের মতো চালু হয়েছে।

রংপুর বিভাগের আট জেলায় মোট ৩৩টি আসনে ৪ হাজার ৫৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ২ হাজার ৫৬১টি ঝুঁকিপূর্ণ এবং ৮২৭টি অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। রংপুর জেলায় ২১৬-২১৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা, সিসিটিভি, বডিওর্ন ক্যামেরা ও যৌথ বাহিনীর মোতায়েন নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। রংপুরে যৌথ বাহিনীর বিশেষ মহড়া সম্পন্ন হয়েছে, এবং সেনাবাহিনীর কমান্ডো গ্রুপ প্রত্যন্ত এলাকায় হেলি-ড্রপের মাধ্যমে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত।

জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। ভোটাররা নিরাপদে কেন্দ্রে যাবেন। কোনো বিশৃঙ্খলা হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, নির্বাচনের আগের দিন রাত পোহালেই ভোট। ভোটাররা বাড়ি ফিরছেন, এবং প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর