Wednesday 11 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চকরিয়ায় বাসচাপায় ইজিবাইকচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬

ছবি: সংগৃহীত

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাসের চাপায় এক ইজিবাইক চালক নিহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের গ্রামীণ ব্যাংক রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইজিবাইকের চালকের নাম মো. তারেক (২১)। তিনি ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের আবুল কালামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে গ্রামীণ ব্যাংক সড়ক দিয়ে ইজিবাইক চালিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন তারেক। এ সময় কক্সবাজারমুখী দ্রুতগতির ‘পূরবী পরিবহন’ সার্ভিসের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পুলিশকে খবর দেন। পরে মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক জব্দ করে থানায় নিয়ে যায়।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসের ধাক্কায় ইজিবাইকচালক তারেক ঘটনাস্থলেই মারা যান। বাস ও ইজিবাইক পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তাদের আটকের চেষ্টা চলছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

চকরিয়ায় বাসচাপায় ইজিবাইকচালক নিহত
১১ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৫৬

আরো

সম্পর্কিত খবর