বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বর্ষণ তিন মাথা এলাকার একটি মাঠ থেকে নিখোঁজ রাশেদা বেগমের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নন্দীগ্রাম-বিজরুল আঞ্চলিক সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাশেদা বেগম উপজেলার ভাটরা ইউনিয়নের ভাগবজর উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে রাশেদা বেগম নিখোঁজ ছিলেন। স্বজনরা দিনভর সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার সকালে স্থানীয় লোকজন বর্ষণ তিন মাথা এলাকার মাঠে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাশেদার মরদেহ শনাক্ত করেন।
নিহতের স্বামী আব্দুল মালেক জানান, রাশেদা বেগম মানসিক অসুস্থতার কারণে মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন। মঙ্গলবার সকালে বের হওয়ার পর আর ফেরেননি।
নন্দীগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।