খুলনা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১১ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর খুলনার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।
সকাল ৮ টার পর তিনি কেন্দ্রে আসেন। কেন্দ্র পরিদর্শন শেষে তিনি তার নিজে ভোট দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় গোলাম পরওয়ার বলেন, দেশ কে চালাবে, সেটা জনগণের রায়ের মাধ্যমে প্রতিফলিত হবে। সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। আমরা ভোটারদেরকে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাব।
ভোটারদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে গোলাম পরওয়ার বলেন, আমি তো আমার কেন্দ্রই দেখতে পাচ্ছি। পরিবেশ শান্তিপূর্ণ আছে। আপনারা ভোটকেন্দ্রে গিয়ে ভোট প্রদান করবেন।
তিনি আরও বলেন, ২০১৮ সালে আমি এই আসনের প্রার্থী ছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে স্মরণ করতে হয়, আমাকে ভোটের দিন সকালে বলা হয়েছিল। আপনি ভোটকেন্দ্রে আসবেন না, আসলে গ্রেফতার করা হবে। তো আজকে সেই বাংলাদেশে শান্তিপূর্ণভাবে, শতশত মানুষ ভোট দিচ্ছে। এটা তো একটা পরিবর্তিত বাংলাদেশ। আশাকরি ভোটের পর আরেকটা পরিবর্তিত বাংলাদেশ এই জাতি উপহার পাবে।