Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে শীত উপেক্ষা করে ভোটারদের দীর্ঘ লাইন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪১

রংপুর: সারাদেশে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে দেশের ২৯৯টি আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। রংপুর জেলার ৬টি সংসদীয় আসনেও একই সময় থেকে ভোটগ্রহণ চলছে। শীতের তীব্রতা সত্ত্বেও ভোর থেকেই ভোটাররা কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রের বাইরে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

জেলার ৮৭৩টি ভোটকেন্দ্রে ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটগ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন—যার মধ্যে নারী ১৩ লাখ ৬ হাজার ৩৩৩ জন, পুরুষ ১২ লাখ ৯২ হাজার ৮৩৮ জন এবং হিজড়া ৩১ জন। ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। তবে সাড়ে ৪টার সময় লাইনে দাঁড়ানো সব ভোটারকে ভোট দিতে দেওয়া হবে।

বিজ্ঞাপন

রংপুরের বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। হঠাৎ করে শুরু হওয়া শীতের কারণে অনেকে কম্বল, শাল বা জ্যাকেট গায়ে দিয়ে কেন্দ্রে এসেছেন। তবু তারা শীত উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে ভোটের অপেক্ষায় রয়েছেন।

ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন বলে প্রশাসনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে। নগরির আদর্শ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়া সম্পন্ন করে ভোটার আব্দুল হাই প্রধান বলেন, খুবই সুন্দর ভোটের পরিবেশ। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগলো।

সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, র‍্যাব, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোতে নিরাপত্তা দিচ্ছেন। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসন ও পুলিশ সূত্র জানিয়েছে, সকালের দিকে বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কিছু কেন্দ্রে ভোটারদের লাইন দীর্ঘ হওয়ায় অপেক্ষার সময় বেড়েছে।

উল্লেখ্য, রংপুর বিভাগের ৩৩টি আসনে মোট ৪ হাজার ৫৪৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে। এর মধ্যে ২ হাজার ৫৬১টি ঝুঁকিপূর্ণ এবং ৮২৭টি অতিঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। রংপুর জেলায় ২১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব কেন্দ্রে সিসিটিভি, বডিওর্ন ক্যামেরা, ড্রোন নজরদারি ও যৌথ বাহিনীর মোতায়েন নিশ্চিত করা হয়েছে।

বিকেল সাড়ে ৪টার পর ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স সিল করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ভোট দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৪

ভোট দিলেন প্রধান উপদেষ্টা
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:১০

পঞ্চগড়ে ভোট দিলেন সারজিস আলম
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৬

আরো

সম্পর্কিত খবর