নরসিংদী: নরসিংদীতে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে টানা বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। জাতীয় সংসদ ভোটের পাশাপাশি সংস্কারের পক্ষে হা-না ভোট থাকায় প্রথমবারের মত এক ঘণ্টা বেশি সময় চলবে ভোট গ্রহণ। সকাল ৭টায় চর্নগরদী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান।
নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে মোট ৪১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর আগে জেলা জুড়ে মোট ১৯ লাখ ৪৭ হাজার ৯৪৭জন ভোটারের জন্য প্রস্তুত করা হয় ৬৬৩টি ভোট কেন্দ্র।
রিটার্নিং কর্মকর্তা ও নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ভোটারদের নিরাপত্তায় নেয়া হয়েছে নানামুখী ব্যবস্থা। জেলা জুড়ে প্রার্থী, ভোটার ও ভোট কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচ শতাধিক সেনাসদস্য, ১৩ প্লাটুন বিজিবি, দেড় হাজারের বেশি পুলিশসহ বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন। ভোট কেন্দ্রে সিসিটিভি, ড্রোন, পুলিশের বডিক্যামেরাসহ চরাঞ্চলের বাড়তি নিরাপত্তায় প্রস্তুত রাখা হয়েছে হেলিকপ্টার।