চাঁপাইনবাবগঞ্জচ: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টায় জেলার সকল ভোট কেন্দ্রে কার্যক্রম শুরু হয়, যা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলার বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট মাঠে সক্রিয় রয়েছেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।