Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে, সুষ্ঠু নির্বাচনের সুযোগ নেই: আখতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৭

রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের শুরুর আড়াই ঘণ্টা পেরোতেই রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের ১১ দলীয় ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। তবুও তিনি আশাবাদী যে, শাপলা কলি প্রতীক বিপুল ভোটে বিজয়ী হবে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) আখতার হোসেন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ নেই। কিন্তু এই আসনে শাপলা কলি বিপুল ভোটে বিজয়ী হবে। ১১ দলীয় জোটের নেতাকর্মী, শাপলা কলির নেতাকর্মীসহ জুলাই আন্দোলনের শক্তি আমার পাশে আছে। জনগণের সমর্থন আমাদের সবচেয়ে বড় শক্তি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রগুলোতে নানা অনিয়ম, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, এজেন্টদের বাধা দেওয়া এবং প্রশাসনের পক্ষপাতমূলক ভূমিকার অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে এসবের মধ্যেও ভোটাররা শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করছেন বলে দাবি করেন তিনি।

এ আসনে মোট ৫ লাখ ৯ হাজার ৯০৬ জন ভোটারের মধ্যে নারী ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য। সকাল থেকে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। আখতার হোসেনের প্রধান প্রতিদ্বন্দ্বীরা হলেন—বিএনপির এমদাদুল হক ভরসা (ধানের শীষ), জাতীয় পার্টির আবু নাসের শাহ মোহাম্মদ মাহবুবার রহমান (লাঙ্গল), ইসলামী আন্দোলনের মাওলানা মুহাম্মাদ জাহিদ হোসেন (হাতপাখা)সহ অন্যান্য প্রার্থী।

ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আখতার হোসেনের এই বক্তব্য নির্বাচনি পরিবেশ নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো এ অভিযোগের বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর