মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম। তিনি জানান, ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে উত্তেজনা থেকে এ ঘটনার সূত্রপাত হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বলেন, ‘ভোটকেন্দ্রে ছোটখাটো একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলমান আছে।’
এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।