Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ভোট দিলেন বীর মুক্তিযোদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:০৫

ভোট কেন্দ্রে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন খান।

টাঙ্গাইল: টাঙ্গাইল-২ (গোপালপুর, ভূঞাপুর) আসনে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে ভোট দিয়েছেন ভূঞাপুর উপজেলার ৭১ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর হোসেন খান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ধুবলিয়া গ্রামের মোবারক মাহমুদ মাধ্যমিক বিদ্যালয়ে হুইল চেয়ারে চড়ে ভোট কেন্দ্রে উপস্থিত হন আলমগীর হোসেন।

আলমগীর হোসেন ভূঞাপুর উপজেলার ধুবলিয়া গ্রামের বাসিন্দা। তিনি মুক্তিযুদ্ধের সময় মেজর আবু তাহেরের (পরবর্তীতে মেজর এম.এ. মঞ্জুর) অধীনে ১১ নম্বর সেক্টরে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি ইতালি প্রবাসী হন।

তার ছেলে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ব্যারিস্টার রাজু হুসাইন খান বলেন, ‘এক বছর আগে আব্বা ইতালিতে থাকার সময় ব্রেইন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান। দীর্ঘদিন সেখানে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরে এসেছেন। আব্বার শরীরের বাম পাশ অবশ হলেও তার ডান পাশ এখনও সচল আছে।’

বিজ্ঞাপন

পরিবারের সদস্যদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর হোসেন খান।

তিনি আরও বলেন, ‘আব্বার ডান হাতে এখনো শক্তি আছে, তবে তার মনের জোর অনেক বেশি। তিনি দীর্ঘ ৩৫ বছর যাবৎ দেশের বাইরে থাকার কারণে ভোট দিতে পারেননি। এবার আব্বা ভোট দিতে খুব উৎসাহী ছিলেন, তাই ঢাকা থেকে তাকে গ্রামে নিয়ে এসেছি ভোট দেওয়ানোর জন্য। আব্বা ভোট দিতে পেরে খুব খুশি।’

বহু বছর পর ভোট দেওয়ার আনন্দ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন বলেন, ‘দীর্ঘ সময় পর ভোট দিতে এসেছি। প্রিজাইডিং অফিসার এবং অন্যান্যরা খুব সহযোগিতা করেছেন। আমার ভোটকক্ষ ছিল দোতলায়, সেখানে উঠতে খুব কষ্ট হয়েছে, তবে প্রিজাইডিং অফিসার এবং তার নির্দেশ মতো আনসার সদস্যরা সহযোগিতা করেছে।’

নতুন সরকারের কাছে তার প্রত্যাশার কথা উল্লেখ করে তিনি বলেন, আমার একটাই চাওয়া দেশে যেন শান্তি বজায় থাকে। মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত সম্মান তাদেরকে দিতে হবে, এবং পুরাতনদের অভিজ্ঞতা এবং নতুনদের নতুন নতুন আবিষ্কার দিয়ে দেশটা সামনের দিকে এগিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর