Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ, আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২০ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২২

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনীর অভিযানে একটি আগ্নেয়াস্ত্র ও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের মাকহাটি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মুন্সীগঞ্জ সেনাবাহিনী ও পুলিশ সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার মেনহাজুল আলম জানান, ‘ঘটনার বিষয়ে শুনেছি। তবে বিস্তারিত তথ্য সেনাবাহিনীর কাছে রয়েছে।’

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নাহিদ নামের একজনকে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে মোল্লাকান্দি এলাকা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের পর তার বাসা ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র ও কয়েকটি ককটেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সজীব দে জানান, আটক নাহিদের নামে সদর থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে। তবে তিনি কোন পক্ষের হয়ে কাজ করছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সকাল ১০টার দিকে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. কামরুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানান সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর