হিলি: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী ভোটারদেরও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসতে দেখা গেছে। হিলিতে শারীরিক প্রতিবন্ধী রাজ হুইলচেয়ারে চড়ে কেন্দ্রে আসেন ভোট দিতে।
রাজ বলেন, ভোট দেওয়া আমার নাগরিক অধিকার। কেন্দ্রে আসতে কষ্ট হলেও ভোট দিতে পেরে সব কষ্ট ভুলে গেছি, পরিবেশ খুব সুন্দর ছিল৷
উত্তরের জনপদ দিনাজপুরের হিলিতে গুরুত্বপূর্ণ নির্বাচনি এলাকা দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর) আসনের প্রতিটি কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
শীতের সকাল উপেক্ষা করে ভোটকেন্দ্রগুলোতে ভোরের আলো ফোটার আগেই ভিড় করতে শুরু করেন সাধারণ মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় রূপ নিয়েছে দীর্ঘ সারিতে। নারী ও পুরুষ ভোটারদের পাশাপাশি এবার তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক কেন্দ্রে ভোটাররা জানিয়েছেন, শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তারা আনন্দিত।
দিনাজপুর-৬ আসনটি মূলত চারটি উপজেলা হাকিমপুর, ঘোড়াঘাট, নবাবগঞ্জ ও বিরামপুর নিয়ে গঠিত। মোট ভোটার ৫ লাখ ৫৩ হাজার, মোট ভোটকেন্দ্র ১৯৯টি; ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে পুরো নির্বাচনি এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। যেকোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাঠে রয়েছেন স্ট্রাইকিং ফোর্স।
এ প্রসঙ্গে দিনাজপুরের হাকিমপুর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, নির্বাচনের পরিবেশ অত্যন্ত চমৎকার। মাঠে পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যগণ নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি নির্বাচনি এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ নিয়োজিত আছেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, জনসাধারণ অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
বিকেল ৪:৩০ পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে এই ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।