বান্দরবান: উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে বান্দরবানে শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৮৭টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শেষ হয়।
সকালে ভোটারদের উপস্থিতি কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। কোনো প্রকার অপ্রিতীকর ঘটনা ছাড়াই ১৮৭টি ভোট কেন্দ্রে শেষ হয়েছে বান্দরবান ৩০০ নম্বর আসনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গণনা।
এদিকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম আরা রিনি বলেন, দুপুর পর্যন্ত ৫১ শতাংশ ভোট পড়েছে। তবে অনেক দুর্গম অঞ্চলের ভোট কেন্দ্রগুলো থেকে সর্বশেষ তথ্য পাওয়া গেলে মোট কত শতাংশ ভোট পড়েছে তা নিশ্চিত করে বলা যাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, বান্দরবানে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও সুষ্ঠু করতে ২ হাজার ৩০০ সেনাবাহিনী, ১ হাজার ৩০০ পুলিশ ও ২১ প্লাটুন বিজিবির সদস্যসহ প্রায় ৭ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মাঠে দায়িত্ব পালন করছেন। বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দিয়ে স্ট্রাইকিং টিমও মাঠে ছিল।