রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টায় শেষ হয়েছে। রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের ৮৭৩টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে গণনা কার্যক্রম শুরু হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা স্বাভাবিক রেখে দ্রুত ও স্বচ্ছভাবে গণনা সম্পন্ন করা হচ্ছে। দুপুর ২টা পর্যন্ত জেলায় গড় ভোটার উপস্থিতি ছিল ৪৯ দশমিক ৪ শতাংশ।
সবচেয়ে বেশি ভোট পড়েছে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ৫১ দশমিক ৩ শতাংশ। এরপর রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ৫১ দশমিক ২৭ শতাংশ, রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে ৫০ দশমিক ৮৬ শতাংশ, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ৫০ শতাংশ, রংপুর-১ (গঙ্গাচড়া-মহানগর আংশিক) আসনে ৪৮ শতাংশ এবং সবচেয়ে কম রংপুর-৩ (মহানগর-সদর) আসনে ৪৪ দশমিক ৯ শতাংশ।
বিকেল সাড়ে ৪টার পর রংপুর-১ আসনের সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গণনা শুরু হয়। আনসার সদস্যরা লাঠি-রশি খুলে চেয়ার-টেবিল সরিয়ে নিচ্ছেন। এই কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৬৩২ জনের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৬১ জন অর্থাৎ ৬৫ শতাংশ। প্রিসাইডিং অফিসার জাকির হোসেন বলেন, ‘সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৪টি বুথে ভোটগ্রহণ হয়েছে। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছে।’
সাহেবগঞ্জ এলাকার ভোটার খাদিজা খাতুন বলেন, ‘কোনো ঝামেলা ছাড়াই ভোট দিয়েছি। সারাদিন মনে হইল ঈদ নাগছিল।’ আরেক ভোটার নুর মোহাম্মদ বলেন, ‘ভোট দিয়ে ক্ষমতা হস্তান্তর করছি। এখন কে ক্ষমতায় যায় তা দেখার জন্য অপেক্ষা করছি। গণনা শুরু হয়েছে, ফলাফল শুনে বাড়ি যাব।’
রংপুর জেলায় মোট ভোটার ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন। দিনভর শীত উপেক্ষা করে ভোটাররা কেন্দ্রে এসেছেন। নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। বেশিরভাগ কেন্দ্রে সকাল থেকে লাইন দেখা গেছে। কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তবে কিছু কেন্দ্রে জাল ভোট, টাকা বিতরণ ও হয়রানির অভিযোগ উঠেছে।
প্রশাসন জানিয়েছে, ৮৭৩টি কেন্দ্রে সিসিটিভি, বডিওর্ন ক্যামেরা ও যৌথ বাহিনীর মাধ্যমে কঠোর মনিটরিং করা হয়েছে।
রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম বলেন, ‘জিরো টলারেন্স নীতিতে কাজ করা হয়েছে। কোনো অনিয়ম হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। গণনা স্বচ্ছভাবে সম্পন্ন হচ্ছে।’
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, ‘আমরা নিশ্চিত করেছি যে, বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। ফলাফল ঘোষণার পর প্রার্থী-সমর্থকরা এখন অপেক্ষায় রয়েছেন। গণনা শেষে রাতের মধ্যেই বেশিরভাগ কেন্দ্রের ফলাফল জানা যাবে বলে আশা করা হচ্ছে।’