Thursday 12 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় ১২ জন ভুয়া এজেন্টকে জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২২:১২

প্রতীকী ছবি

খুলনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে লাঙল প্রতীকের ভুয়া পোলিং এজেন্ট সেজে ভোটকেন্দ্রে অবস্থান করায় ১২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টায় কয়রা মদিনবাদ মডেল প্রাথমিক বিদ্যালয় থেকে ২ জন, কাটমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ জন ও দেয়াড়া অন্তাবুনিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৬ জনকে আটক করে সাজা দেওয়া হয়।

এর মধ্যে কয়রা উপজেলার কাটমারচর গ্রামের ইস্তিহার উদ্দীনকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় মদিনাবাদ গ্রামের তাসলিমা খাতুন ও একই গ্রামের আব্দুল গফফারকে ১৫ দিন এবং কাটমারচর গ্রামের আমিরুল ইসলাম ঢালী, একই গ্রামের রোকনুজ্জামান ও উত্তর বেদকাশি গ্রামের ইলিয়াস হোসেনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দেয়াড়া অন্তাবুনিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে আটককৃত ছয়জনের প্রত্যেক ২ বছরের জেল ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

দেয়াড়া অন্তাবুনিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার নিত্যানন্দ সরকার জানান, লাঙল প্রতীকের প্রার্থীর স্বাক্ষর জালিয়াতি করে তারা পোলিং এজেন্ট সেজে ভোটকক্ষে থাকেন। জানতে পারায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে হেফাজতে নেয়। পরে ৬ জনের প্রত্যেককে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তবে তাদের নাম জানাতে অপারগতা প্রকাশ করেন।

কাটমারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা শংকর কুমার জানান, লাঙল প্রতীকের প্রার্থীর স্বাক্ষর জালিয়াতি করে তারা পোলিং এজেন্ট সেজে ভোটকক্ষে প্রবেশ করেন। ঘটনা জানার পর আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ইশতিয়াক আহমেদ জানান, কেন্দ্রের ৬টি কক্ষে লাঙল প্রতীকের ৬ জন এজেন্ট ছিল। দুপুরের পর থেকে ৪ জনকে পাওয়া যায়নি। বিকাল সাড়ে ৩টায় আইনশৃঙ্খলা বাহিনী এসে দুই জনকে আটক করে। পরে তাদেরকে সাজা দেওয়া হয়েছে।

খুলনা-৬ আসনে লাঙল প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল জাহাঙ্গীর অভিযোগ করেন, তার স্বাক্ষর জাল করে কয়রা উপজেলার ৬৭টি ভোট কেন্দ্রে ভুয়া পোলিং এজেন্ট দিয়েছে একটি পক্ষ। আমাদের এজেন্টরা ভোট কেন্দ্রে গিয়ে ঘটনা জানার পর অভিযোগ করেন। পরে এসব ভুয়া এজেন্টদের কয়েকজন আটক হয়েছে এবং বাকিরা পালিয়ে গেছে।

খুলনা-৬ আসনের সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী জানিয়েছেন, একটি পক্ষ লাঙল প্রতীকের প্রার্থীর স্বাক্ষর জাল করে পোলিং এজেন্ট নিয়োগ করেছে। খবর পেয়ে কয়েকজনকে আটকের পর নির্বাহী আদালতে পাঠানো হয়। এর সঙ্গে জড়িতদের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন মনিরুল হাসান বাপ্পি (বিএনপি), আবুল কালাম আজাদ (জামায়াত), মোস্তফা কামাল জাহাঙ্গির (জাতীয় পার্টি), প্রশান্ত কুমার মন্ডল (সিপিবি) ও আছাদুল্লাহ ফকির (ইশা আন্দোলন)।

বিজ্ঞাপন

নীলফামারীর ৪ টি আসনেই এগিয়ে জামায়াত
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪৬

বিপুল ভোটে এগিয়ে জামায়াত আমির
১২ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৫৭

আরো

সম্পর্কিত খবর