Friday 13 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনার ৬টি আসন
হেরে গেলেন গোলাম পরওয়ার, বিএনপি জিতেছে ৪টিতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:০৭

খুলনার বিভিন্ন আসনে বিজয়ী প্রার্থীরা।

খুলনা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে খুলনার ছয়টি আসনের চারটিতে জয় পেয়েছেন বিএনপির প্রার্থীরা। বাকি দুটি আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। খুলনা নগর এলাকার দুটি আসনের একটিতে জয় পেয়েছে জামায়াত। এই প্রথমবার খুলনা নগরের কোনো আসনে জয় পেল দলটি।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, খুলনা-১ (বটিয়াঘাটা ও দাকোপ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমীর এজাজ খান ১ লাখ ২১ হাজার ৩৫২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০ হাজার ৩৪৬। হিন্দু-অধ্যুষিত এ আসনে জামায়াতে ইসলামী ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সাবেক সভাপতি কৃষ্ণ নন্দীকে প্রার্থী করে। তিনি সারা দেশে আলোচনা তৈরি করলেও ভোটের মাঠে কোনো প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। এখানে তৃতীয় অবস্থানে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু সাঈদ। তিনি পেয়েছেন ৫ হাজার ৬১৯ ভোট।

বিজ্ঞাপন

খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট। দুজনের ভোটের ব্যবধান ৫ হাজার ৫৯২। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আমানুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ২৯৮ ভোট।

খুলনা-৩ আসনে (সিটি করপোরেশনের ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ড, যোগীপোল ও আড়ংঘাটা ইউনিয়ন) বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল ৭৮ হাজার ৮৪৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট।

খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল ১ লাখ ২৩ হাজার ১৬২ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসাইন পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৫৩০ ভোট।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২৪৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৮৫৪ ভোট। ব্যবধান ২ হাজার ৬০৮।

এছাড়া খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ১ লাখ ৫০ হাজার ৭২৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হাসান বাপ্পি পায় ১ লাখ ২৪ হাজার ৭১০ ভোট।

বিজ্ঞাপন

যশোরের ৬ আসনের ৫টিতে জয়ী জামায়াত
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৩১

আরো

সম্পর্কিত খবর