নরসিংদী: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলার পাঁচটি সংসদীয় আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার রাতে নরসিংদীর ৫টি সংসদীয় আসনের ৬টি উপজেলার স্ব স্ব সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব, জেলা বিএনপির সভাপতি ডাকসুর সাবেক জিএস জাতীয় বীর খায়রুল কবির খোকন ১ লাখ ৬০ হাজার ৬৭৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. ইব্রাহিম ভূঞা পেয়েছেন ৯২ হাজার ৯৩০ ভোট।
নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপি প্রার্থী সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান ৯২ হাজার ৩৫২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী আমজাদ হোসেন পেয়েছেন ৫৫ হাজার ১৬১। তবে এ আসনে জামায়াত জোটের প্রার্থী মো. গোলাম সারোয়ার তুষার পেয়েছেন ১৯ হাজার ২৩৬ ভোট।
নরসিংদী-৩ (শিবপুর) আসনে ধানের শীষের প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শিল্পপতি মনজুর এলাহী পেয়েছেন ৮১ হাজার ৪১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মান্নান ভূইয়া স্মৃতি সংসদের আহ্বায়ক ও শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আরিফ-উল-ইসলাম মৃধা পেয়েছেন ৪৫ হাজার ৪০১ ভোট।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে বিএনপি প্রার্থী জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক এমপি সরদার শাখাওয়াত হোসেন বকুল পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৯১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লার প্রার্থী মো. জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৬ হাজার ৪৪৫ ভোট।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিকশা প্রতীকের তাজুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ৬৮২ ভোট।